ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে হ্রদে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ৯ জুন ২০২৬  
রাঙামাটিতে হ্রদে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

কাপ্তাই হ্রদ।

রাঙামাটি বেড়াতে এসে কাপ্তাই হ্রদে নৌবিহারের এক পর্যায়ে রিজার্ভ বাজারের বালুচরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনতিশার হাসনাত (২২) মারা গেছেন। বালুচরের পাশের হ্রদের পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন:

নিহত ইনতিশার হাসনাতের বন্ধুরা জানান, ইনতিশার বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তারা ঢাকার বায়েজিদ এলাকার ডিএইচএসএ থাকে। ইনতিশার বাবা বেলাল হোসেন পেশায় শিক্ষক।

বোট চালক তরুণ চাকমা বলেন, ‘‘তাদের চারজনকে (দুইজন ছেলে, দুইজন মেয়ে) নিয়ে দুপুর দেড়টার দিকে কাপ্তাই হ্রদে বের হই। একটি দ্বীপে কিছুক্ষণ ঘুরে, আবার যাত্রা করি। পথে আমার বোটে সমস্যা হওয়ায় রিজার্ভ বাজার নাপ্পিঘাটায় গিয়ে তেল নিয়ে বালুচরে যাই বিকেল ৪টার দিকে। সেখানে তারা গোসল করতে পানিতে নামবে বললে, আমি জিজ্ঞেস করেছিলাম, সাঁতার পারে কি-না? তারা বলেছে, জানে। তারপর তারা বোট থেকে নেমে পানিতে যায়, আমি বোটে ছিলাম। বালুচরে আরো বোট ও মানুষ ছিল। হঠাৎ তাদের একজন চিৎকার করে আমাকে ডাকতে থাকে। আমি দৌঁড়ে গিয়ে দুইজনকে পানি থেকে টেনে তুলি কিন্তু আরেকজনকে পাইনি।’’ 

অনেকক্ষণ পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইনতিশার হাসনাতকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে জানান তিনি।

রাঙামাটির ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাশ জানান, খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে ডুবুরিরা তাকে উদ্ধার করে হাসপাতালে আসে, কিন্তু ততক্ষণে তার আর প্রাণ ছিল না। তারা সম্ভবত সাঁতার জানতেন না। বিষয়টি দুঃখজনক।

রাঙামাটি বেড়াতে আসা পর্যটককে সাঁতার না জানলে হ্রদে না নামার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়