ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে বর্জ্যের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৯ জুন ২০২৬  
নারায়ণগঞ্জে বর্জ্যের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ নেতার মৃত্যু

নাসিকের ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আব্দুল কাদির জিলানী ও মাসুম বিল্লাহ নিহত হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দুইজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম মুঠোফোনে বলেন, “নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মোটরসাইকেল ও নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিল। দুইজনই ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।”

 “কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে, আবার কেউ বলছেন পাশাপাশি যাওয়ার বার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ট্রাকটি পেলেও চালক সেটি ফেলে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে নাসিকের প্রশাসকও এসেছিলেন। আমাদের তদন্ত চলমান রয়েছে,” যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়