ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটিতে থাকা চার যাত্রীর মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ভোরের দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা চারজন যাত্রীই প্রাণ হারান।”
তিনি জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।