দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)। তিনি অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় আরো বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব শাখা, উপশাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পাশাপাশি গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।
ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) তার বক্তব্যে বলেন,“ ‘বাংলার ব্যাংক’ খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে। গত ২৭ বছরের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যাংকটি একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসন নিশ্চিত করে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, “গ্রাহকদের চাহিদা পূরণে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি চলতি বছর খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “নতুন ঋণ বিতরণে কৃষি, এসএমই ও রিটেইল খাতকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণের মাধ্যমে আরো বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে।”