বিনোদন

মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল: মিথিলা

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে এলিনা নামে একজন সুপার মডেলের চরিত্র রূপায়ন করে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পর্দায় তার উপস্থিতি স্বল্প সময়ের হলেও দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন।

দর্শকদের ভালোবাসায় অভিভূত তানজিয়া জামান মিথিলাও। ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, “সিনেমা হলে বসে নিজেকে প্রথমবার রুপালি পর্দায় দেখতে পাওয়া ছিল স্বপ্নপূরণের একটি মুহূর্ত, যা বহু বছর ধরে হৃদয়ে লালন করে এসেছি।”

‘রকস্টার’ সিনেমায় এমন লুকে ধরা দিয়েছেন তানজিয়া জামান মিথিলা

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তানজিয়া জামান মিথিলা বলেন, “বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়া সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। শুটিংয়ের প্রথম দিন থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা ও প্রতিক্রিয়া দেখার প্রতিটি মুহূর্ত আমার কাছে অবিস্মরণীয়।”

তানজিয়া জামান মিথিলা

কৃতজ্ঞতা জানিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমার ওপর বিশ্বাস রাখা এবং এই যাত্রাকে এত সুন্দর করে তোলার জন্য—পুরো ‘রকস্টার’ টিমকে ধন্যবাদ। আর এলিনা চরিত্রটিকে ভালোবেসে যারা  অগাধ স্নেহ ও সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। এটি আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়, এটি এমন এক স্মৃতি, যা সারাজীবন যত্নে বয়ে বেড়াব।”

এ সিনেমায় আগুন নামে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন সাবিলা নূর, সুনিধি নায়েক, দিলারা জামান, তারেক আনাম খান, রোজী সিদ্দিকী, পান্থ কানাই প্রমুখ।

তানজিয়া জামান মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করেন ভারতের হায়দার খান। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। ‘রকস্টার’ তার অভিনীত তৃতীয় সিনেমা।