জাতীয়

ইদ্রীছ রজভীর বার্ষিক ওর‌স: আকিদার ওপর অটল থাকার আহ্বান

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরদ্বীপ দরবারে আলিয়া কাদেরীয়া রজভীয়া শরীফে ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে প্রখ্যাত আলেমে দ্বীন, ওস্তাজুল ওলামা, অধ্যক্ষ আল্লামা মুফতি শাহ্ মুহাম্মদ ইদ্রীছ রজভী (রহমতুল্লাহি আলাইহি) বড় হুজুর কেবলার পবিত্র ৫ম বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার রা‌তে পবিত্র ওরস মোবারক মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং হাজারো আশেকে রাসুল ও ভক্তরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রীছ রজভী (র.)-এর বর্ণাঢ্য জীবন, কর্ম এবং দ্বীনী খেদমতের ওপর বিস্তারিত স্মৃতিচারণ ও আলোচনা করেন।

বক্তারা উল্লেখ করেন, আল্লামা ইদ্রীছ রজভী (র.) ছিলেন মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান আলা হযরত (র.)-এর আদর্শের একনিষ্ঠ অনুসারী এবং তাঁর চিন্তাধারার অতন্দ্র প্রহরী। তিনি আজীবন আলা হযরতের রেখে যাওয়া সঠিক সুন্নী আকিদা ও মাসলাক-এ-আলা হযরত প্রচার ও প্রসারে নিজেকে উৎসর্গ করেছিলেন।

বক্তারা আরো বলেন, আল্লামা মুফতি ইদ্রীছ রজভী ছিলেন সুন্নিয়তের এক উজ্জ্বল নক্ষত্র এবং খাঁটি আশেকে রাসুল। দ্বীনের প্রচার প্রসার এবং ইসলামের সঠিক আকিদা গঠনে তাঁর অবদান সোনালী অক্ষরে লেখা থাকবে। সমাজ সংস্কার ও ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরতে তিনি আজীবন কাজ করে গেছেন। বর্তমান যুগে ফেতনা-ফাসাদের হাত থেকে বাঁচতে এবং ঈমান রক্ষার্থে সর্বস্তরের মুসলমানদেরকে নবী-অলীদের প্রদর্শিত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার ওপর শক্ত ও অটল থাকার আহ্বান জানান বক্তারা।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, শাইখুল হাদিস আল্লামা গাজী মঈনুদ্দিন আশরাফি, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী, মুফতি আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভি, অধ্যক্ষ হাসান রেজা, মাওলানা ফরিদুল আলম রেজভি, উপাধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ রেজভি, মাওলানা ইছহাক আনসারী, মুফতি জিল্লুর রহমান হাবিবি এবং কাজী মাওলানা উবাইদুল হক হক্কানীসহ অসংখ্য ওলামায়ে কেরাম।

মাহফিলে দরবারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করেন এবং হুজুর কেবলার স্মৃতি ও আদর্শ ধরে রাখার আহ্বান জানান শাহজাদা আতাউল মোস্তফা রেজভি ও শাহজাদা অধ্যক্ষ শোয়াইব রেজা।

শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি, দেশের সমৃদ্ধি এবং আল্লামা ইদ্রীছ রজভী (র.)-এর দরাজাত বুলন্দের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।