সারা বাংলা

হিলি বন্দরে নীল-সাদায় রাঙানো আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস

আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে বন্দর শহর হিলি। নীল-সাদা রঙের পতাকা, ব্যানার ও জার্সিতে সজ্জিত হয়ে সমর্থকেরা হিলি স্থলবন্দরের সামনে জড়ো হয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়েছেন। 

শুক্রবার (৫ জুন) বিকালে হিলি স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় আর্জেন্টিনার সমর্থকেরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে রেলস্টেশনে এসে শেষ হয়। এসময় সমর্থকদের হাতে ছিল বিশাল আকারের আর্জেন্টিনার পতাকা। তারা প্রিয় দল ও তারকা ফুটবলার লিওনেল মেসির নামে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকদের দাবি, বিশ্বকাপের শুরু থেকেই হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনায় এই আয়োজন করা হয়েছে।

রূপকথা বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। মেসির নেতৃত্বে দলের খেলা আমাদের সবসময় মুগ্ধ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা একত্রিত হয়েছি।

হিলিতে আর্জেন্টিনার অসংখ্য সমর্থক রয়েছে। আমরা সবাই চাই বিশ্বকাপে দলটি ভালো খেলুক এবং শিরোপা জিতুক। বলেন সাখাওয়াত হোসেন শিল্পী। তিনি মনে করেন, ফুটবল শুধু একটি খেলা নয়, আবেগের নাম। আর্জেন্টিনার খেলা ঘিরে হিলিতে প্রতি বিশ্বকাপেই আলাদা উন্মাদনা দেখা যায়। 

আয়োজক কমিটির সদস্যরা জানান, বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন সচেতনতামূলক ও উৎসবমুখর কর্মসূচির মাধ্যমে সমর্থকদের একত্রিত করার এমন উদ্যোগ আরো নেওয়া হবে।