সারা বাংলা

পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে ৮৯ হাজার টাকা জরিমানা 

ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন পরিবহন ও বাস কাউন্টারকে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় পাঁচটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পরিবহনগুলোকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। পরে শহরের বাজার স্টেশন এলাকায় তিনটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-সম্পাদক কাজী সোহেল রানা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোনো পরিবহন যেন অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের হয়রানি করতে না পারে, সেই জন্য জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।