পর্যটন শহর কক্সবাজারে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৩টায় শহরের লাবনী মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা কলাতলির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় হাজারো ব্রাজিল সমর্থক অংশ নেন। এ সময় তারা ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় বক্তব্য দেন ব্রাজিল ফুটবল ফ্যানস কক্সবাজারের আয়োজক কানন বড়ুয়া বিশাল, সাংবাদিক ছৈয়দ আলম, জিএম ইকবাল হোসাইন, মোহাম্মদ সাঈদ আনোয়ার, মোহাম্মদ ফায়েজ, আলমগীর চৌধুরী, ইব্রাহিম বাবু, সাঈদ স্বাধীন, আরিয়ান খান ফারাবী, জানিব চৌধুরী, নাজমুল শাহেদ, নুর আবছার, আব্বাস উদ্দিন ইমন, আবু ছৈয়দ হৃদয় ও তাহিন মো. নাঈমসহ অন্যান্যরা।
বক্তারা ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি গভীর সমর্থনের কথা তুলে ধরেন।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এ আয়োজন ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাসের জন্ম দেয়।
সমুদ্র সৈকত ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং কক্সবাজারের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ-উচ্ছ্বাসের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে।