ঢাকার উত্তরখানে একটি বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন (৫৫) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হওয়া একই পরিবারের আরো দুই সদস্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন মারা যান।
এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
তিনি আরো জানান, দগ্ধ অপর দুইজন হাসনা হেনা ও আখি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।