বিনোদন

বিতর্ক মাথায় নিয়ে কত টাকা আয় করল জাহ্নবী-রাম চরণের সিনেমা?

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণের নতুন সিনেমা ‘পেদ্দি’। স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৪ জুন বিশ্বের ৩ হাজার ৭০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি।

স্পোর্টস-অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। মুক্তির পর জাহ্নবী কাপুরের চরিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার অভিনীত চরিত্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এরই মধ্যে জাহ্নবীর ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর তা বিতর্কের আগুনে ঘি হিসেবে কাজ করছে। বিতর্ক মাথায় নিয়েই কত টাকা আয় করল সিনেমাটি?

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘পেদ্দি’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে ৮২.৪৯ কোটি রুপি (গ্রস)। চার দিনে সিনেমাটি ভারতে আয় করেছে ১৮৭.০২ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৪৬ কোটি রুপি। চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩.০২ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকার বেশি।  

বলি মুভি রিভিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘পেদ্দি’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৬৭ কোটি রুপি (গ্রস), দ্বিতীয় দিনে আয় করেছে ৩২ কোটি রুপি (গ্রস), তৃতীয় দিনে আয় করেছে ৩৫ কোটি রুপি (গ্রস), চতুর্থ দিনে আয় করেছে ৩৮ কোটি রুপি (গ্রস)। চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ২৪৩ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকার বেশি। 

মুক্তির আগে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করবে এটি। তেলুগু রাজ্যে শক্তিশালী ব্যবসা, পেইড প্রিমিয়ার শো এবং বিদেশে ভালো অগ্রিম টিকিট বিক্রির কারণে রাম চরণের ক্যারিয়ারের সবচেয়ে বড় একক ওপেনার হওয়ার ভবিষ্যদ্বাণীও করেন বক্স অফিস বিশ্লেষকরা। আর এসব ভবিষ্যদ্বাণী বাস্তবেও রূপ নিয়েছে।

বক্স অফিসে দাপট দেখালেও ‘পেদ্দি’ সিনেমা নিয়ে দর্শক সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের যশস্বিনী শ্রী সিনেমাটিকে পাঁচে ২.৫ রেটিং দিয়েছেন। ডেকান ক্রনিকলের বিভিএস প্রকাশ পাঁচে ২ রেটিং দিয়েছেন। তার ভাষ্য—“রাম চরণের শক্তিশালী অভিনয়, স্পর্শকাতর ক্লাইম্যাক্স থাকার পরও দুর্বল চিত্রনাট্য, জোর করে চাপানো বাণিজ্যিক উপাদান এবং আবেগগত সম্পৃক্ততার অভাব রয়েছে; যা সিনেমাটির সম্ভাবনাকে ব্যর্থ করেছে।” 

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।