বিনোদন

প্রশংসায় ভাসছে ‘বই পোকা’

ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারো ইউটিউব ও টেলিভিশনে প্রচার হয়েছে অসংখ্য নাটক। তবে সেই ভিড়ের মধ্যেও দর্শকদের আলাদাভাবে নজর কেড়েছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘বই পোকা’। সামাজিক বাস্তবতা, সাহিত্যপ্রেম এবং হৃদয়ছোঁয়া প্রেমের গল্পের মিশেলে নির্মিত নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।

গত ২ জুন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘বই পোকা’ নাটকটি। প্রচলিত ট্রেন্ডনির্ভর কমেডি নাটকের বাইরে গিয়ে পারিবারিক আবহে নির্মিত রোমান্টিক গল্পটি দ্রুতই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই নাটকটি প্রায় ৯ লাখ দর্শক উপভোগ করেছেন। মন্তব্যের ঘরে দর্শকদের অধিকাংশ গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের প্রশংসায় ভাসিয়েছেন নাটকটিকে।

নাটকটি নিয়ে নির্মাতা তপু খান বলেন, “বই পোকা’ নাটকে আমরা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব ও মানুষের ক্রমবর্ধমান আসক্তির বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। একই সঙ্গে নতুন প্রজন্মকে বই ও সাহিত্যের প্রতি আগ্রহী হওয়ার একটি বার্তাও রয়েছে। নির্মাণের সময় থেকেই বিশ্বাস ছিল নাটকটি দর্শকের ভালো লাগবে। মুক্তির পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে সত্যিই ভালো লাগছে।”

গল্পকার আকবর হায়দার মুন্নার ভাষ্য, “বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে ঘিরে মানুষের ফ্যান্টাসি অনেক বেশি বেড়ে গেছে। ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বই পড়া ও সাহিত্যচর্চার প্রতি মানুষের আগ্রহও কমে যাচ্ছে। এসব বিষয় নিয়েই গল্পটির ভাবনা। দর্শকরা নাটকটিকে গ্রহণ করেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা খায়রুল বাসার বলেন, “বই পোকা’ সত্যিই ভিন্নধর্মী একটি কাজ। এর সংলাপগুলো খুবই হৃদয়স্পর্শী। এমন একটি গল্পকে পর্দায় তুলে ধরার জন্য তপু ভাইকে ধন্যবাদ।”

অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানও নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “বই পোকা’ নাটকে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে। বিশেষ করে আমার চরিত্রটির প্রতি আমি নিজেই এক ধরনের ভালোবাসা অনুভব করেছি।”

‘বই পোকা’ নাটকে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা ও রোজি সিদ্দিকী। বিশেষ একটি চরিত্রে দেখা গেছে তারিক আনাম খানকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির বিপরীতে বই ও সাহিত্যপ্রেমের বার্তা তুলে ধরা ‘বই পোকা’ প্রমাণ করেছে, ভালো গল্প এবং আন্তরিক নির্মাণ এখনো দর্শকদের হৃদয়ে গভীরভাবে পৌঁছাতে পারে।