সারা বাংলা

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারদিন রুহিত (২০) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও দুই নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিতের সঙ্গে একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্য বাকবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করেন। 

এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন রাকিব। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় সহোদর দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রবিবার রাতে মুঠোফোনে জানান, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।