দিনের শুরুতে খালি পেটে কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়—এ নিয়ে নানা মত প্রচলিত রয়েছে। অনেক পুষ্টিবিদ দাবি করেন, খালি পেটে টক ফল, আনারস, আপেল, গ্রিন টি, চা, কফি, ঝাল খাবার ও ফলের রস খাওয়া উচিত নয়। কারণ খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে।
খালি পেটে এসব খাবার কী সত্যিই ক্ষতিকর? গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি ও এন্ডোস্কোপি বিভাগের পরামর্শক চিকিৎসক ডা. সুজিত নায়ারের মতে, খালি পেটে কিছু খাবার কখনোই খাওয়া যাবে না—এ ধারণা অনেকাংশেই অতিরঞ্জিত।
তিনি বলেন, “সুস্থ মানুষের জন্য আপেল, সাইট্রাস ফল, আনারস, চা, কফি কিংবা ফলের রস স্বভাবগতভাবে ক্ষতিকর নয়। আসল বিষয় হলো, একজন মানুষের হজমতন্ত্র কতটা সংবেদনশীল এবং তার কোনো অন্তর্নিহিত স্বাস্থ্যসমস্যা আছে কি না। কিছু খাবার বিশেষ কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে, কিন্তু সকালে খালি পেটে খেলে তা সবার জন্য ক্ষতিকর—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।’’
টক ফল ও আনারস কমলা, মাল্টা, লেবু কিংবা আনারসের মতো ফলকে সাধারণত বেশি অম্লীয় (অ্যাসিডিক) হিসেবে বিবেচনা করা হয়। ডা. নায়ার জানান, যাদের অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে, তারা এসব ফল খেলে বুকজ্বালা, অস্বস্তি বা পেটে জ্বালাপোড়া অনুভব করতে পারেন। তবে অধিকাংশ মানুষের জন্য এসব ফল পুষ্টিকর এবং নিরাপদ।
আপেল খালি পেটে আপেল খাওয়া নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। অথচ আপেলকে অন্ত্রের জন্য উপকারী ফল হিসেবে বিবেচনা করা হয়। ডা. নায়ারের মতে, “আপেলে রয়েছে প্রচুর আঁশ ও প্রিবায়োটিক উপাদান, যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। তাই খালি পেটে আপেল খাওয়াকে ক্ষতিকর বলা যায় না।”
চা ও কফি অনেকের দিনের শুরুই হয় এক কাপ চা বা কফি দিয়ে। তবে ক্যাফেইন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়াতে পারে। ডা. নায়ার বলেন, “কিছু মানুষের ক্ষেত্রে খালি পেটে চা বা কফি পান করলে অম্বল, পেট ফাঁপা, বমিভাব কিংবা অস্থিরতা দেখা দিতে পারে।” তবে যারা ক্যাফেইন সহজে সহ্য করতে পারেন, তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো সমস্যা নাও হতে পারে।
ঝাল খাবার ঝাল বা মসলাযুক্ত খাবার সংবেদনশীল পাকস্থলীর জন্য বিরক্তিকর হতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রাইটিস, অ্যাসিড রিফ্লাক্স বা পেটের অস্বস্তির সমস্যা রয়েছে, তাদের উপসর্গ আরও বাড়তে পারে।
ফলের রস ফলের রসকে অনেকেই স্বাস্থ্যকর মনে করলেও পুষ্টিগুণের দিক থেকে এটি পুরো ফলের সমতুল্য নয়। ডা. নায়ার বলেন, “তাজা ফলের রসে ভিটামিন থাকলেও এতে পুরো ফলের তুলনায় আঁশ অনেক কম থাকে। ফলে খালি পেটে ফলের রস পান করলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি নাও থাকতে পারে।”
তাহলে সকালে কী খাওয়া ভালো? সকালের খাবারে পর্যাপ্ত পানি, প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বি থাকা উচিত।
সকালের নাস্তায় রাখতে পারেন—
তাজা ফল ভেজানো বাদাম দই স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য ডিম সবজিভিত্তিক খাবার মুগ ডালের চিলা বা অনুরূপ ঐতিহ্যবাহী পুষ্টিকর খাবারএসব খাবার দীর্ঘ সময় শক্তি জোগানোর পাশাপাশি হজমতন্ত্রের সুস্থতাও বজায় রাখতে সহায়তা করে। কারা বেশি সতর্ক থাকবেন?
যাদের অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা ডায়াবেটিস রয়েছে, তাদের খালি পেটে খাবার নির্বাচনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
ডা. নায়ারের পরামর্শ, এসব ব্যক্তি সকালে অতিরিক্ত অম্লীয় খাবার, বেশি ক্যাফেইনযুক্ত পানীয় এবং অতিরিক্ত চিনি সমৃদ্ধ পানীয় এড়িয়ে চললে উপকৃত হতে পারেন।
খালি পেটে চা, কফি বা ফল খাওয়া নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। সবার শরীর এক রকম নয়। যে খাবার একজনের জন্য অস্বস্তির কারণ হতে পারে, অন্যজনের জন্য তা সম্পূর্ণ নিরাপদ হতে পারে। তাই শরীরের সংকেত বোঝা, নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনা করা এবং সুষম নাস্তার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস