ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নাহিয়ান রবিন (২৩) গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। রবিন স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
সোসবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের মাজার রোড এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে রবিনকে কোপানো হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রবিন তার বাবার একমাত্র সন্তান। সোসবার (৮ জুন) রাতে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন। জন্মদিন পালন শেষে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পখে মাজার রোড এলাকায় আসতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী ৫/৬ জন তার মোটরসাইকেলের গতিরোধ করে। রবিন কিছু বুজে উঠার আগে তাকে কুপিয়ে ও রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সকালে কলেজছাত্রের হত্যার খবর পেয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।