সারা বাংলা

নড়াইলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) একই গ্রামের মাজেদুল শেখের ছেলে।

এলাকাবাসী জানান, সকালে পরিবারের লোকজন যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। অনেকক্ষণ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে দুই ভাইকে ভাসতে দেখে উদ্ধার করেন তারা। দ্রুত তাদের নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা শেষে দুই ভাইকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুইটি মারা যায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।