অর্থনীতি

বাজেট হেল্পডেস্ক উদ্বোধন

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ এর উদ্বোধন হয়েছে। বুধবার (১০ জুন) উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনার প্রতিফলন।”

স্পিকার বলেন, “বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সংক্রান্ত গবেষণা, তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদীয় কার্যক্রমকে আরো কার্যকর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।”

তিনি বলেন, “১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, যা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, “বাজেট হেল্পডেস্ক ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে। বাজেটের অর্থ জনগণের কর, দেশি-বিদেশি ঋণ এবং অনুদান থেকে আসে। অতএব এর মালিকানা জনগণের।”

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এমপি বলেন, “বাজেটকে কেবল আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না, এটি একটি দেশের উন্নয়ন দর্শন ও রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকারের প্রতিফলন।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।