ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপরও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছেন দেশবাসী। উচ্ছ্বাসের এই হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ।
তবে কথার শুরুতে সতর্ক বার্তা দিয়ে ডা. এজাজ বলেন, “খেলাটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। খেলাটা আনন্দের একটা ব্যাপার। আর সেই খেলাকে যদি কষ্টের মধ্যে নিয়ে যাই, তাহলে তা উচিত না। একেকজন একেক দল সাপোর্ট করবে, তার মধ্যে একটা আনন্দ থাকবে, মজা থাকবে, উচ্ছ্বাস থাকবে। আশা করি, খেলার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না।”
অভিনেতা এজাজের প্রিয় দলি আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে সাপোর্ট করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “একদম ছোটবেলা থেকে ম্যারাডোনাকে আমার ভালো লাগত। ম্যারাডোনাকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। এখন মেসিকে ভালো লাগে; আর মেসিকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি।”
আপনার প্রিয় দল কি এবার বিশ্বকাপ নেবে? এ প্রশ্নের জবাবে ডা. এজাজ বলেন, “আর্জেন্টিনা অবশ্যই জিতবে। এই আশা কেন করব না? একসময় সবাই বলেছে, বিদেশি চ্যানেল চলে এসেছে, বাংলা নাটক কেউ দেখে না। সেই বদল কিন্তু হয়েছে। সুতরাং আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে আমি আশাবাদী।”