বিনোদন

‘যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব’

ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপরও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছেন দেশবাসী। উচ্ছ্বাসের এই হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। 

দীপা খন্দকার আর্জেন্টিনার সমর্থক। দলটি পছন্দ করার কারণ উল্লেখ করে তিনি বলেন, “বুঝে না-বুঝে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলা দেখেছি। এবার বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পাব কি না জানি না। তবে যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব।” 

দীপা খন্দকার বাসায় আয়োজন করে ফুটবল খেলা দেখে থাকেন। অনেক অতিথি তাদের সঙ্গে যোগ দেন। এ অভিনেত্রী বলেন, “বিশ্বকাপ ফুটবল মানেই বিশাল একটা উৎসব। কারণ এসময়ে বাসায় অনেক গেস্ট আসে। ফলে সবাই মিলে আয়োজন করে একসঙ্গে খেলা দেখে থাকি। এটা খুব ভালো লাগে।”