সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিজয় বর্মন (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের কাউতলী স্টেডিয়ামের বিপরীত পাশে ফুলকলি বেকারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় বর্মন জেলা শহরের গোকর্ণঘাট এলাকার বর্মনপাড়ার বাসিন্দা এবং হিমাংশ বর্মনের ছেলে। প্রায় আড়াই বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সংসারে স্ত্রী ও দেড় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কাউতলী স্টেডিয়ামের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্টেডিয়াম মার্কেটের নাইট গার্ড ফেরদৌস মিয়া এবং অটোরিকশার এক যাত্রী সুবজ মিয়া দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা ও ইসিজি পরীক্ষা শেষে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহসান হাবিব জানান, মাথায় গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে বিজয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বড় ভাই সঞ্চয় বর্মন জানান, তারা দুজন মিলে গোকর্ণঘাট বাজারে ‘বিজয় মেডিক্যাল ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বিজয় শহরে যান। পরে রাতে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে এসে তিনি ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় ওই ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।