লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার জন্য ইসরায়েলকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৪ জুন) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি ইসরায়েলকে লেবাননে হামলা না করার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আজ সকালে বৈরুতের ওপর হামলা হওয়া উচিত ছিল না। বিশেষ করে এমন একটি বিশেষ দিনে যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এত কাছাকাছি।”
ট্রাম্প আরো লিখেছেন, “হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে, কিন্তু যে হামলার জবাবে তারা হামলা চালিয়েছে তা ছিল খুবই ছোট ও অর্থহীন, এতে কেউ আহত বা নিহত হয়নি এবং এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে ব্যাহত করা উচিত নয়। আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি আছি যা লেবাননসহ এই অঞ্চলে শান্তি আনবে এবং সব পক্ষেরই সরে দাঁড়ানো উচিত।”
তিনি লিখেছেন, “লেবাননের কোথাও ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া উচিত নয়, কিন্তু হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষের পক্ষ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো হামলা হওয়া উচিত নয়। এটি একটি দীর্ঘ ও সুন্দর শান্তির সূচনা হতে পারে — আসুন আমরা এটিকে নষ্ট না করি!”
রবিবার সকালে উত্তর ইসরায়েলে গোলাবর্ষণের জবাবে ইসরায়েল দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পর এই পোস্টটি আসে। এক সপ্তাহ আগে বৈরুতে ইসরায়েলের পূর্ববর্তী হামলা ইসরায়েলের ওপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে উস্কে দিয়েছিল, যা ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার হুমকি সৃষ্টি করেছিল।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে, যার অধীনে হিজবুল্লাহ যদি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা না চালায়, তবে ইসরায়েল বৈরুতকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেয়। হিজবুল্লাহ এই নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছে।