প্রবাস

মার্কিন ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সস্ত্রীক করোনায় আক্রান্ত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্ট সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

রোববার (২৫ অক্টোবর) মাইক পেন্সের মুখপাত্র ডেভিন এ তথ‌্য জানিয়েছেন। তবে মার্ক শর্ট করোনায় আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্ট পেন্স নির্বাচনী প্রচার অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

এক বিবৃতিতে মাইক পেন্সের মুখপাত্র ডেভিন জানান, মার্ক শর্ট কোয়ারেন্টাইনে আছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ‌্য, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেন্স।  তার মুখপাত্র জানিয়েছেন, চিফ অব স্টাফের করোনা শনাক্ত হওয়ার পর হোয়াইট হাউসের চিকিৎসকদের সঙ্গে আলোচনাক্রমে ভাইস প্রেসিডেন্ট পেন্স তার পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি চালিয়ে যাবেন।