সারা বাংলা

চট্টগ্রামে ১৬ কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় ১৬ কেজি ওজনের ১৬৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জাহেদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন সোনা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, মাস্কাট থেকে ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী জাহেদ বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস এলাকা অতিক্রম করার সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে তার লাগেজ তল্লাশি করলে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ১৬৩টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা। জাহেদের পাসপোর্ট জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আদর্শ ইউনিয়নে। এ ব্যাপারে নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।  

       

রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ আগস্ট ২০১৮/রেজাউল/বকুল