সারা বাংলা

খুলনার পাটকলে চলছে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বকেয়া মজুরি, পাটক্রয়ের অর্থ বরাদ্দ, মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে খুলনার পাটকলগুলোতে ধর্মঘট পালন করছে শ্রমিকরা।মঙ্গলবার ভোর ৬টা থেকে খুলনাসহ দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ব পাটকলে একসাথে ২৪ ঘন্টার এ ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা-যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, ইস্টার্ণ, আলিম এবং নওয়াপড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং মিলের শ্রমিকরা ধর্মঘট পালন করছে। এর আগে ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিক লীগ নেতারা প্রত্যেকটি মিলের সিবিএ ও নন-সিবিএ নেতাদের সাথে বৈঠক করে সাতদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মো. মুরাদ হোসেন জানান, ৯ দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এ ধর্মঘটে খুলনাঞ্চলের স্থায়ী-অস্থায়ী  প্রায় ৩৫ হাজার শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদ, অবিলম্বে মজুরি কমিশন, বকেয়া মজুরি, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, অবসরপ্রাপ্ত শ্রমিকসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি,এফ, গ্রাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদানসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। শ্রমিকদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ মার্চ আবারও ৪৮ ঘন্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা। রাইজিংবিডি/ খুলনা/১২ মার্চ ২০১৯ /মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ