বরগুনা সংবাদদাতা : বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বরগুনার পুরাকাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
নয়ন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে। তিনি রিফাতকে তার স্ত্রীর সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। ওই হত্যার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। সকল মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডকে গ্রেপ্তারে পুরাকাটা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান নয়ন বন্ড ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
গোলাগুলির এক পর্যায়ে নয়ন বাহিনী পিছু হাঁটলে ঘটনাস্থলে তল্লাশি করে নয়ন বন্ডের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শর্টগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
নয়নের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় তাকে অভিযুক্ত করে বিভিন্ন সময় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, গত বুধবার সকালে রিফাত শরীফকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন রিফাত শরীফের বাবা দুলাল শরীফ।
রাইজিংবিডি/বরগুনা/২ জুলাই ২০১৯/রুদ্র রুহান/ইভা