সাভার সংবাদদাতা : ‘ছেলেকে যদি বাঁচাতে চাস, তাহলে টাকা-পয়সা-গয়না নিয়ে বাড়ির পাশে আয়’ এমন ফোন পেয়ে দৌড়ে গিয়েও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা শেখ শাহজাহান মিয়া। দুর্বৃত্তরা ছেলে শেখ ফরিদ আলমকে (৪৫) ধান ক্ষেতে কুপিয়ে হত্যা করে।
বৃহস্পতিবার রাত বারোটার দিকে ধামরাইয়ের চান্দখালি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ ধামরাইয়ের সুইজখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। ফরিদ ভাড়ায় মাইক্রোবাস চালাতেন।
নিহত ফরিদের বাবা রাইজিংবিডিকে জানান, গতরাতে আনুমানিক ১২ টার দিকে আমার মোবাইলে ছেলের নম্বর থেকে ফোন আসে। ফোন ধরার পর বলে ‘তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে টাকা-পয়সা-গয়না সব নিয়ে বাড়ির পাশে আয়’। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আমার পরিবারের লোকজন নিয়ে যাই। যাওয়ার পর দেখি অজ্ঞাতনামা ৮-১০ জন আমার ছেলেকে মারধর করছে। এগিয়ে গেলে তারা আমাদের দিকে রামদা নিয়ে আসে। পরে আমরা জীবন রক্ষার্থে দৌড় দেই। কিছুক্ষণ পরে তারা পালিয়ে যায়। তখন ছেলের কাছে গিয়ে দেখি সে লাশ হয়ে পরে আছে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর রাইজিংবিডিকে জানান, নিহত শেখ ফরিদ রাতে তার ভাড়ায় চালিত মাইক্রোবাসটি গ্যারেজে পার্কিং করে মোটরসাইকেলযোগে বাড়ি যাবার পথে অজ্ঞাতপরিচয় এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই নিহতের মরদেহটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। রাইজিংবিডি/সাভার/২৯ আগস্ট ২০১৯/আরিফুল ইসলাম সাব্বির/বুলাকী