ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও দুই ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ধামরাইয়ের জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে ৫ কি.মি. যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে খাদে পড়ে যায় বাসটি। এতে বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন কবির বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। সেই সাথে বাসটিও উদ্ধার করা হয়েছে।’
ধামরাই থানার উপ-পরিদর্শক রিপন হোসেন বলেন, ‘এ ঘটনায় মহাসড়কে হালকা যানজটের সৃষ্টি হয়েছিলো। তবে ট্রাকটি সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
সাভার/আরিফুল ইসলাম সাব্বির/নাসিম