রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করে তোপের মুখে পড়া এক তরুণীর ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় চলছে। তরুণীর ঠোঁটে সিগারেট দেখে তাকে ঘিরে ধরেন একদল লোক। তারা ওই তরুণীকে সিগারেট ফেলে দিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য করেন। ওই তরুণীর সঙ্গে একজন তরুণও ছিলেন। ওই তরুণীকে হেনস্তাকারী ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর সার্কিট হাউস এলাকায় রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ওই তরুণ-তরুণীকে হেনস্তা করার সময় কয়েকজন ব্যক্তি তা ভিডিও করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। সেই ভিভিও ভাইরাল হয়েছে। অনেক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়ে হেনস্তাকারী ব্যক্তির শাস্তির দাবি করেছেন।
ভিডিওতে দেখা যায়, রাজশাহী সার্কিট হাউসের পাশের ফুটপাতে ওই তরুণ-তরণী বসে ধূমপান করছিলেন। মেয়েটি শাড়ি ও ছেলেটি টিশার্ট-প্যান্ট পরা ছিলেন। তাদের দুজনের হাতে সিগারেট ছিল। এ ঘটনা দেখে প্রথমে মাঝবয়সী এক ব্যক্তি তাদের সিগারেট ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
হেনস্তাকারী ব্যক্তি তাদের ধমকাতে শুরু করেন। মেয়েটি প্রতিবাদ করে তাকে গলা নামিয়ে কথা বলতে বলেন। তার পরিচয় জানতে চান। মুহূর্তের মধ্যে সেখানে ১৫-২০ জন মানুষ জুটে যায়। সবাই একজোট হয়ে তরুণ-তরুণীকে ওই স্থান ত্যাগ করার জন্য চাপ দিতে থাকেন। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি এসে বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা করেন। তিনি আক্রমণকারী ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
এ সময় মেয়েটি বলেন, ‘মেয়ে বলেই আমাকে বাধা দেওয়া হচ্ছে।’ একজন বলেন, ‘এভাবে প্রকাশ্যে মেয়ে মানুষ ধূমপান করলে তাদের পাড়ার মেয়েরা নষ্ট হয়ে যাবে।’ মধ্যস্থাকারী লোকটি তরুণ-তরুণীকে বোঝান, ‘বুঝছেন না যে মেয়ে বলেই আপনাকে উঠে যেতে বলছে। আপনারা উঠে যান।’
একপর্যায়ে তরুণ-তরুণী উঠে যেতে বাধ্য হন। যাওয়ার সময় মেয়েটি পেছন ফিরে তাকান। তা দেখে হেনস্তাকারী লোকটি চেঁচিয়ে বলেন, ‘আবার ট্যারা চোখে তাকাচ্ছে।’
এদিকে, তরুণীকে হেনস্তাকারী ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদ হোসেন বারেক (৪৪)। তিনি উগ্র ভাষা ব্যবহার করে ওই তরুণীকে স্থান ত্যাগ করতে বাধ্য করেন।
শহিদ হোসেন বারেক রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে দুইবার নির্বাচন করে জামানত হারান। বর্তমানে তিনি ঠিকাদারি করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ খোঁজ নিচ্ছে। ইতোমধ্যে হেনস্তাকারী ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। যারা হেনস্তার শিকার হয়েছেন, তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।