টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মাহমুদুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
মাহমুদুর রহমান দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে মাহমুদুর রহমান কালিহাতী যাচ্ছিলেন। বাগুটিয়া ব্রিজ পার হওয়ার পরেই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।