টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সাক্ষাৎকার নেওয়ার সময় মোবাইল ফোন হারিয়েছেন এক সংবাদকর্মী।
রোববার (২১ মার্চ) দুপুর পৌনে ১২ টার সময় শহরের নিরালার মোড় থেকে তার মোবাইল ফোন চুরি হয়।
সংবাদকর্মী মেহেদী হাসান মৃদুল জানান, রোববার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণসহ সচেতনামূলক প্রচারণা চলে। প্রচারণা শেষে পুলিশ সুপারের সাক্ষাৎকার নেওয়ার সময় কে বা কারা তার প্যান্টের সামনের পকেট থেকে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে মোবাইল ফোনটি তিনি আর খুঁজে পাননি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান মৃদুল বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সাধারণ ডায়েরি করার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।