সারা বাংলা

তুরাগ থেকে ভাসমান লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়া ও টঙ্গীর সীমান্তবর্তী তুরাগ নদে ভাসমান অবস্থায় আতাউর রহমান হারুন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।

নিহত আতাউর রহমান হারুন সিলেট জেলার মৃত আশিকুর রহমানের ছেলে। তবে তিনি টঙ্গীর ট্যাংপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। 

আশুলিয়া থানা ও টঙ্গী নৌ পুলিশ জানায়, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তুরাগ নদে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আশুলিয়া থানা পুলিশ ও টঙ্গী নৌ পুলিশের সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ফাঁড়িতে নিয়ে আসেন। এসময় মরদেহের পকেটে থাকা মোবাইল সিম ও মানিব্যাগ থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নাই। সে আত্মহত্যা করে থাকতে পারে আমরা ধারণা করছি। কারণ গতকাল তার স্ত্রীকে ফোন করে ছেলে-মেয়েকে দেখে রাখতে বলেছিল।’

তিনি আরও বলেন, ‘সে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিল এরকম তার পরিবারের কাছে শুনেছি। তবে আমরা এখনও শিওর না, যাচাই করছি। মামলা নথিভুক্তের বিষয়টিও প্রক্রিয়াধীন।’