সারা বাংলা

লকডাউন মানছে না টাঙ্গাইলের শপিং মলগুলো

লকডাউনে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশ থাকলেও টাঙ্গাইলে তা পুরোপুরি মানা হচ্ছে না। সকাল থেকে বড়বড় ব‌্যবসা কেন্দ্র বন্ধ থাকলেও শহরের সর্ববৃহৎ ছাত্তার শপিংমল, স্বপ্ন শপিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। 

এছাড়া শহরের নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, জেলাসদর রোড, শান্তিকুঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টায় ছাত্তার স্বপ্ন শপিংমলে গিয়ে দেখা যায় মানুষের ব‌্যাপক ভিড়। সবার মুখে মাস্ক আছে। তবে দূরত্ব বজায় রাখছেন না ক্রেতারা। 

এ শপিং মলে আসা ক্রেতা সাইদুর রহমান জানান, লকডাউনে শহরের বড়বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ শপিং মলে সব ধরনের পণ‌্য পাওয়া যায়। এজন্য তিনি এখানে এসেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে ছাত্তার শপিং মলের এক কর্মচারি জানান, অনলাইনে পণ‌্য বিক্রির ব‌্যবস্থা নেই তাদের। সেজন‌্য মলে এসেই ক্রেতাদের সরাসরি পণ‌্য কিনতে হয়।

স্বপ্ন শপিং মলে আসা ক্রেতা এ.কে বিজয় জানান, লকডাউনে শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। লকডাউনে শপিং মল বন্ধ থাকার কথা ছিল। তবে স্বপ্নে এসে দেখেন খোলা রয়েছে। নিত‌্য প্রয়োজনীয় কিছু পণ‌্য নিয়ে তিনি দ্রুত শপিংমল ত‌্যাগ করবেন বলে জানান।

শপিং মলের কাউন্টারে বিল পরিশোধের স্থানে বেশ জটলা চোখে পড়লো। করোনাভাইরাস সংক্রমণ রোধে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমলেই নিচ্ছেন না ক্রেতারা।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘প্রজ্ঞাপনে লকডাউন শব্দটি উল্লেখ নেই। সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান যেমন, ওষুধ, কাঁচা বাজার, হোটেল-রেস্তরাঁ (বসে খাওয়া যাবে না) খোলা রাখা যাবে। কিন্তু কোনো শপিং মল বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। যদি কেউ এ নির্দেশ অমান্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’