সারা বাংলা

সিলেটে একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু 

সিলেট জেলায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জনে। 

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। এ নিয়ে বিভাগের চার জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ২৩২ জনে। 

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়েরেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে রোববার দুপুরে (২৫ এপ্রিল) এ সব তথ্য জানা গেছে।

গত ২২ এপ্রিল সিলেট বিভাগে একদিনে চারজনের মৃত্যু হয়। গত ৩১ মার্চ সিলেট জেলায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছিল, যা ছিলো সর্বোচ্চ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, রোববার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়। এই আটজনই সিলেট জেলার বাসিন্দা।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ২৬১ জনের। আর সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ও বাসায় আইসোলেশনে থাকা আরও ১২৯ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৮ হাজার ৪৪৩ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ২৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার হাসপাতালে ২৫৫ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ছয় জন ভর্তি আছেন।