সারা বাংলা

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে কাতলা, রুই, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ। নদীর দুইপাড়ে মাছের নিষিক্ত ডিম সংগ্রহে বংশ পরম্পরায় অভিজ্ঞ জেলেরা অপেক্ষা করছেন।

মঙ্গলবার রাত ১২ টার পর হালদা নদীর কাগতিয়ার মুখ থেকে গড়দুয়ারা নয়াহাট পর্যন্ত বিভিন্ন নৌকার ডিম সংগ্রহকারীরা ‘নমুনা ডিম’ পেয়েছেন বলে জানিয়েছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন রাত ১টার দিকে হালদায় নমুনা ডিম ছাড়ার সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর নয়াহাট এলাকায় বিভিন্ন নৌকার ডিম সংগ্রহকারীরা জানিয়েছে তারা প্রতি জালে ১০০-১৫০ গ্রাম পর্যন্ত ডিম পেয়েছেন। তারা মা-মাছের আনাগোনা দেখছেন।

যেহেতু নমুনা ডিম ছেড়েছে মা-মাছ, সেহেতু এসব মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যাতে মা-মাছ শিকার করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে। ডিম থেকে রেণু ও পোনা তৈরির জন্য হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সাধারণত চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টমী তিথিতে প্রবল পাহাড়ি ঢল ও শীতল আবহাওয়ায় হালদা নদীতে কার্প জাতীয় মাছ ডিম ছাড়ে। নমুনা ডিম মা মাছের প্রাকৃতিক প্রজননের জন্য প্রস্তুতির আভাস। অনুকূল পরিবেশ তৈরি হলেই মা মাছ ডিম ছাড়বে।