সারা বাংলা

বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে নিখোঁজ স্কুলছাত্র ইসরার

বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ইসরার হাসনাইন (১৫)। সে শহরের বি কে পাল সড়কের শের আলী মিয়া লেনের  আমান উল্লাহর ছেলে।

রোববার (২৭ জুন) সকালে গোসলের জন‌্য সমুদ্র সৈকতে যায় ইসরার ও তার বন্ধুরা। সাগরের স্রোতে ভেসে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয় ইসরার। রোববার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

ইসরার হাসনাইনের মামা সাংবাদিক সায়েদ জালাল উদ্দিন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘স্কুল বন্ধ থাকায় ইসরার ও তার বন্ধুরা সকালে সমুদ্রে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ইসরারের বন্ধু ইয়াসিন আরফাত স্রোতে ভেসে গেলে তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে আমার ভাগিনাসহ অন্যরা। একে একে তার বন্ধুরা ফিরে এলেও ফিরে আসতে পারেনি ইসরার। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।’

ইসরারের সঙ্গে থাকা মোমেন শাহরিয়ার সিয়াম বলে, ‘আমরা ১২ বন্ধু মিলে সকালে সমুদ্রে গোসল করতে যাই। ইয়াসিন আরাফাতকে স্রোতে ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করতে যাই আমরা চার বন্ধু—সিয়াম, তানসেন, মিরকাত ও ইসরার। ইয়াসিন আরফাত এবং মিরকাতসহ আমি কূলে ফিরলেও ইসরারকে খুঁজে পাওয়া যায়নি।’

কক্সবাজার ট‌্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানিয়েছেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য সকাল থেকে চেষ্টা চালাচ্ছে ট‌্যুরিস্ট পুলিশ।