পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টরের টিকটকে একটি রোমান্টিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রক্টরের নাম হাসিবুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক।
ভাইরাল হওয়া ভিডিওতে তাকে রোমান্টিক গানে জনৈক নারী সহশিল্পীর সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলেচনা সমালোচনায় মুখর হয়েছেন শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকরা।
পাবিপ্রবি সূত্র জানায়, পাবিপ্রবির প্রশাসন গত ২৮ জুন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করে। পয়লা জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হয়। তিনি সদ্য বিদায়ী প্রক্টর ড. প্রীতম কুমার দাসের স্থলাভিষক্ত হন।
দেশজুড়ে টিকটক নিয়ে নানা ধরনের সমালোচনার ঝড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভাইরাল হওয়া রোমান্টিক ভিডিও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রক্টরের দায়িত্ব নিতে না নিতেই সহযোগী অধ্যাপক হাসিবের টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সহযোগী অধ্যাপক হাসিব টিকটক ভিডিওর রোমান্টিক বাংলা সিনেমার গানে, জনৈক এক তরুণীর সঙ্গে গানের সুরে লিপসিং করছেন। তার চোখে মুখে নানা প্রেমানুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। ভিডিওটি হাসিব নিজেই তার ফেসবুক ও টিকটক সাইটে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট হলে হাস্যরস ও ব্যঙ্গবিদ্রুপাত্মকসহ নানা সমালোচনার ঝড় ওঠে।
ফেসবুকে এসএম রিয়াজুল হাসান রিয়াদ নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘আমরা ছাত্ররা টিকটক করি। এতে প্রক্টর স্যারেরও একটু ইচ্ছে হয়। তিনি ভাইরাল হওয়ায় আমরা খুশি। এতে অতি উৎসাহী হয়ে আমরাও একটু রোমান্টিক হতে পারব।’
জুয়েল নামের একজন মন্তব্য করেন, ‘পুরো বিশ্ববিদ্যালয় টিকটকে পরিণত হয়েছে।’
আবার অনেকেই মন্তব্য করেছেন, এটা শিক্ষকের ব্যক্তিগত বিষয়। ব্যক্তিজীবনে এমন ঘটনার সমালোচনার কি আছে?
লেলিন খান নামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভিডিওটির সমালোচনায় লিখেছেন, ‘আমি শিহরিত, একজন শিক্ষক এমন রোমান্টিক হলে, তার ছাত্র-ছাত্রী না জানি কত রোমান্টিক হবে। স্যারকে আমরা আলিফ লায়লার জ্বিন চরিত্রে দেখতে চাই।’
আব্দুল্লাহিল ফয়সাল নামের অপর এক শিক্ষার্থী লিখেছেন, ‘স্যারের এক্সপ্রেশনগুলো দারুণ ছিল, নিশ্চয়ই প্রক্টর হিসেবে তার সময়ে পাবিপ্রবি রোমান্টিকতার স্বর্গভূমি হয়ে উঠবে।’
এদিকে, নবনিযুক্ত প্রক্টরের রোমান্টিক টিকটকে বিব্রতকর পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা। সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে টিকটক প্রক্টর নামে চলছে ট্রল।
নাম প্রকাশে অনিচ্ছুক পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের একজন শিক্ষক বলেন, ‘সহকর্মীর এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় আমরা চরম বিব্রত। উনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন। শিক্ষার্থীদের কাছে লজ্জায় কোনো কথাই বলতে পারছি না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও এ ভিডিও মেসেজ করে হাসাহাসি করছেন।’
পাবনা রিপোর্টাস ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন বলেন, ‘ভিডিওটি দেখে আমি বাকরুদ্ধ। যখন দেশব্যাপী টিকটক, ভিগোর মত সাইটগুলো নিয়ে সমালোচনা হচ্ছে— সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সে সময় বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টরের টিকটকে কুরুচীপূর্ণ অভিনয় অনিভিপ্রেত।’
এদিকে, টিকটকের ভিডিওটি নিজেই তৈরি করেছেন বলে নিশ্চিত করে পাবিপ্রবি প্রক্টর হাসিবুর রহমান বলেন, ‘এটি আমার ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে নিউজ করার কিছু নেই।’