সারা বাংলা

কুমিল্লায় ‘জাগ্রত মানবিকতা’র কো-অর্ডিনেটর খুন

কুমিল্লা নগরীতে মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র কো-অর্ডিনেটর মিথুন ভূঁইয়া নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিথুন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। নগরীর প্রফেসরপাড়া এলাকা থেকে শুক্রবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মেরাজ ও তার সহযোগী শরিফুল ইসলাম রাসেল। তারা একই এলাকার বাসিন্দা।

শুক্রবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিথুন ভূঁইয়ার বাবা লিটন মিয়া জানান, ২৫ আগস্ট তার ছেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ মেরাজ ও তার সহযোগী এসে মিথুনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এতে তার তিনটি আঙুল বিচ্ছিন্ন ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা মিথুনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র কো-অর্ডিনেটর মিথুন ভূইয়া এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রচার চালানোয় তাদের রোষানলে পড়েন। মাদক কারবারে বাধা দেওয়ায় তাকে এভাবে প্রাণ দিতে হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, ওই যুবককে হত্যার অভিযোগে মেরাজ ও রাসেলকে আটক করা হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।