সারা বাংলা

মায়ের কোল ফিরে পেলো হাসপাতালে ফেলে যাওয়া সেই শিশু

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। মানব জীবনের পরম আরাধ্য মায়ের কোল ফিরে পেয়েছে হাসপাতালে ফেলে যাওয়া এক শিশু। গত ২৭ অক্টোবর শিশুটির মা মারুফা আক্তার চিকিৎসা নিতে এসে শিশুটিকে গাজীপুরের শ্রীপুর সরকারি হাসপাতালে রেখে যান। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মা-বাবার কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস।

শিশুটি শ্রীপুর উপজেলার সাতখামাইরের কাজীপাড়া এলাকার বিল্লাল হোসেন ও মারুফা আক্তার দম্পতির একমাত্র ছেলে সন্তান।

প্রণয় ভূষণ জানান, গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে এক নারী শিশুটিকে হাসপাতালের বর্হিবিভাগে দেলোয়ারা নামক এক রোগীর কাছে রেখে চলে যান। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকজন ব্যক্তি শিশুটিকে দত্তক নেওয়ার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের নির্দেশে শিশুটিকে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

এদিকে গত ২৮ অক্টোবর বিল্লাল হোসেন শিশুটিকে খুঁজে পেয়ে ফিরিয়ে নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে শ্রীপুর পৌর মেয়রের দেওয়া প্রত্যয়নপত্র এবং স্থানীয় সাক্ষীদের ভিত্তিতে আজ সকালে শিশুটিকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মারুফা আক্তার গর্ভবতী অবস্থায় একটি মামলায় কিছুদিন জেলহাজতে ছিলেন। ওই সময় শিশুটির জন্ম হয়। প্রায় ৩ মাস পার হলেও শিশুটির নাম রাখা হয়নি। জামিনে বের হওয়ার পর মারুফা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।