সারা বাংলা

সাবেক জেলার সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা

দুই কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর উপ-পরিচালক আবু সাঈদ মামলাটি করেন।

আবু সাঈদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল রানা দুদকে নিজের সম্পত্তির বিবরণী দায়ের করেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে সোহেল রানা অবৈধভাবে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি বিবরণীতে আরো ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকার সম্পদের কথা গোপন করেন। তাই সোহেল রানার বিরুদ্ধে সোমবার মামলা করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার (বর্তমানে কারাবন্দি এবং বরখাস্ত) সোহেল রানা ২০১৮ সালের ২৫ অক্টোবর ৪৪ লাখ ৪৩ হাজার নগদ টাকা, আড়াই কোটি টাকার ব্যাংক এফডিআরসহ গ্রেপ্তার হন। সে সময়ে তার কাছ থেকে এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক এবং ১২ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়। ঘটনার পর পরই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এছাড়া সোহেল রানার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানা পুলিশ মাদক ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা করে। এরপরই তার বিরুদ্ধে বিরুদ্ধে তদন্তশুরু করে দুদক। দুদকের তদন্তে সোহেল রানা ছাড়াও তার স্ত্রী, শ্যালকের নামে চট্টগ্রাম, ময়মনসিংহ ও যশোরে ২৬টি ব্যাংক একাউন্টে ১৫ কোটি টাকা লেনদেনেরও তথ্য পাওয়া যায়।