সারা বাংলা

খুলনায় বিএনপির মানববন্ধনে হাতাহাতি

খুলনায় বিএনপির মানববন্ধনে হাতাহাতির ঘটনা ঘটেছে। মানববন্ধনে ব্যানারের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দলের নেতাকর্মীরা। প্রকাশ্যেই তারা একে অপরের ওপর চড়াও হন। এ সময় নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর ও অপর নেতা হাসানুর রশীদ মিরাজকে উত্তেজিত ভাষায় কথা বলতে শোনা যায়।  পরে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ অন্যান্য নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর এ প্রতিবেদককে বলেন, অনেক নতুন মুখ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ায় চেনা-পরিচয় না থাকার কারণে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এছাড়া অনেক লোক হওয়ায় ছবি তোলার জন্য ব্যানারের পেছনে দাঁড়ানোর চেষ্টা করায় এমনটি হয়েছে। তবে, এটি ফলাও করার মতো কিছু না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবর রহমান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল, আব্দুর রকিব মল্লিক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দীপু, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, নুরুল হুদা খান বাবু প্রমুখ।