ঝুঁকিতে দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন গাজীপুরের জয়দেবপুর স্টেশনের ফুটওভার ব্রিজ। ব্রিজের কয়েকটি পাটাতন খুলে গেছে। সেখানে কাঠের পাটাতন বসানে হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন পথচারী ও যাত্রীরা।
বেশ কয়েক বছর আগে এই ফুটওভার ব্রিজ নির্মাণের সময় সিমেন্টের পাটাতন ব্যবহার করা হয়।এই পাটাতনগুলো দীর্ঘদিন সংস্কার না করায় সিঁড়িসহ অনেক স্থান ভেঙে গেছে। কিছু পাটাতনে সিমেন্ট বালি খসে রড বেরিয়ে গেছে। কয়েক মাস আছে দুটি পাটাতন ভেঙে পড়ে যায়। পরে সেখানে কাঠের পাটাতন লাগানো হয়েছে। কিন্তু সেটি বাঁধা হয়েছে চিকন জিয়াই তার দিয়ে।
স্টেশনের ফুটওভার ব্রিজের পাশের দোকানদার রিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিন বিভিন্ন বয়সী যাত্রী ফুটওভার ব্রিজটি ব্যবহার করে। ব্রিজটি ব্যবহার করার সময় অনেক যাত্রী পড়ে আহত হয়েছেন। বেশ কয়েক মাস ধরে সমস্যা তবুও সমাধান হচ্ছে না। এটি দ্রুত সমাধান করা উচিৎ।
এদিকে, প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে আন্তঃনগর ট্রেনসহ প্রায় ৭৮ থেকে ৮০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। আয়েক দিক থেকে বাংলাদেশ রেলওয়ে এই স্টেশন দ্বিতীয়। প্রতিদিন এখান হতে ৫০ হাজারেরও অধিক যাত্রা ওঠানামা করে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, পাটাতন ভেঙে যাওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তারা এসে কাঠের একটি পাটাতন লাগিয়েছে। এটি সংস্করণ করার জন্য ঢাকা বিমানবন্দর রেলওয়ে অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে।