সারা বাংলা

তাজউদ্দীন আহমদ মেডিক্যালের ১৯ পদ শূন্য, চিকিৎসা সেবা ব্যাহত 

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালে কলেজ হাসপাতালে উপ-পরিচালক, সহকারী পরিচালক ও চিকিৎসকসহ ১৯টি পদ শূন্য রয়েছে। এতে করোনাকালে চিকিৎসাসহ হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম চালাতে নানা ধরনের সস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালের পরিচালক তপন কান্তি সরকার এতথ্য জানান। 

তপন কান্তি আরও জানান, সার্জারী বিভাগের একজন সিনিয়র কনসালটেন্ট, প্যাথলজি/ডেন্টিস্ট্রি বিভাগের দুইজন সিনিয়র কনসালটেন্ট, একই বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট, ইএনটি বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট, চক্ষু বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক চিকিৎসক/সার্জন, একজন প্যাথলজিস্ট, দুইজন ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, শিশু বিভাগের একজন রেজিস্ট্রার ও দুইজন সহকারি রেজিস্ট্রার, রক্তসঞ্চালন বিভাগের একজন সহকারী রেজিস্ট্রার, জরুরী বিভাগের একজন মেডিক্যাল অফিসার (ইএমও), ও একটি ডেন্টাল সার্জনসহ ১৯টি পদ শূণ্য রয়েছে। 

তিনি আরো জানান, সম্প্রতি হাসপাতালে ১৩০জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খালিপদগুলো পূরণ হয়নি। এমনিতেই জেলার প্রধান হাসপাতাল হিসেবে রোগীর চাপ বেশি তারপরও করোকালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় রোগীদের চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

তপন কান্তি জানান, মাত্র একজন রেডিগ্রাফার হাসপাতালের এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআই মেশিন চালন। এখানেও পর্যাপ্ত লোকবল নেই। মূলত এখানে অতিরিক্ত পদই নেই। তাই এ বিভাগে পদ সৃষ্টি করা ও শূণ্য পদে লোকবল নিয়োগ অত্যন্ত জরুরি।