ঠাকুরগাঁও সেনুয়া ইউনিয়নে হামলার শিকার তিন আহত সাংবাদিককে এবার হাসপাতালে এসে ‘মামলা করলে হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা স্বরূপ কুমার সেন তন্ময়ের বিরুদ্ধে।
রোববার (৩০ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ৫০৩ নম্বর কক্ষে ঢুকে তন্ময় হুমকি দেন বলে জানিয়েছেন চিকিৎসাধীন সাংবাদিকরা।
তন্ময় রুহিয়া থানা ছাত্রলীগ শাখার সদস্যসচিব।
এদিকে গণমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্বরূপ কুমার সেন তন্ময়। তার দাবি, আহত সাংবাদিকদের খোঁজখবর নিতে গিয়ে তিনি উল্টো মারধরের শিকার হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের স্বজনরা জানান, হাসপাতালের ৫০৩ নম্বর কক্ষে চিকিৎসা নিচ্ছিলেন আহত সাংবাদিকরা। হঠাৎ মুখে মাক্স, মাথায় টুপি ও জ্যাকেট পরে ওই কক্ষে প্রবেশ করেন স্বরূপ কুমার সেন তন্ময়। তিনি উপস্থিত সবার সামনেই হুমকি দিয়ে বলেন, ‘মামলা করলে পরিণতি ভালো হবে না। বেশি বাড়াবাড়ি করলে এরপর তিনজনের লাশ কোথাও খুঁজে পাওয়া যাবে না।’
এ সময় আহত সাংবাদিক তানভীর হাসান তানুর চাচাতো ভাই মাসুম রানা মাক্স খুলতে বললে তন্ময় আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। উপস্থিত অন্যান্য রোগীর স্বজনেরা এর প্রতিবাদ করলে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তন্ময় দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় আহত সাংবাদিক তানুর মা রানী আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার সাংবাদিক ছেলেরা তো খারাপ কিছু করেনি। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ওরা কি এ দেশে বিচারও চাইতে পারবে না? এ কেমন দুঃসাহস! আমার সামনে হুমকি দেয়- তাদের বিরুদ্ধে মামলা করলে নাকি সাংবাদিকদের লাশ খুঁজে পাওয়া যাবে না।’
রানী আক্তার হুমকিদাতা ও সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন।
এ ঘটনার পর নিরাপত্তা হীনতায় ভুগছেন হামলার শিকার হওয়া তিন সাংবাদিক তানভীর হাসান তানু, মঈনুদ্দীন তালুকদার হিমেল ও সোহেল রানা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, খবর পেয়ে চিকিৎসারত সাংবাদিকদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। হুমকিদাতা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
এদিকে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে গত শনিবার শহর চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক মহল ও সাধারণ মানুষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান হামলার শিকার হওয়া আহত তিন সাংবাদিক।
উল্লেখ্য গত শনিবার ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারকালে সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত হন।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে হামলায় আহত রাইজিংবিডির প্রতিনিধিসহ ৪ সাংবাদিক