সারা বাংলা

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

প্রতিবারের মতো এবারও ‘বর্ণমালার মিছিলে’ মহান ভাষার মাসকে বরণ করে নিয়েছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। বাংলা বর্ণ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই বর্ণমালার মিছিল। সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। 

পরে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, ‘এটি বর্ণমালার মিছিলের ৯ম আয়োজন। আমরা প্রতিবছর এই আয়োজনটি করি মূলত দু’টি উদ্দেশ্যে। একটি হলো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং অন্যটি হল নতুন প্রজন্মের সামনে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা।’

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নিরঞ্জন দাস টুকু, নিরঞ্জন দে যাদু, নিলঞ্জনা জুঁই, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ।