সারা বাংলা

জমি নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়ে জখম 

সাতক্ষীরার আশাশুনি পল্লীতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- খালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল সানার ছেলে আবু হাসান (৩৮), এবাদুল সানা (৬৬) ও শামিম সানা (৪০)। 

আহত শামীম সানা ও স্থানীয়রা জানায়, গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় খালিয়া গ্রামের শফিকুল সানার নেতৃত্বে সোহেল রানা, তারিফ সরদারসহ ৬/৭ জন দুর্বৃত্ত তিন জনের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে আশাশুনি হাসপাতালে এবং পরে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।