লক্ষ্মীপুরে ইকোনো বাসের ভেতর থেকে রিয়াদ হোসেন লিটন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন বাসের সুপার ভাইজারের দায়িত্বে ছিলেন।
শনিবার (৯ এপ্রিল) ভোররাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাসটি অবস্থান করছিলো। এ ঘটনায় গাড়ির চালক নাহিদকে আটক করা হয়েছে। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিয়াদ হোসেন লিটন লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের দুদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ইকোনো (ঢাকা মেট্রো-ব ১৫-০১০৩) শুক্রবার রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে নতুন একজন হেলপার, সুপার ভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন। চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপার ভাইজারকে রেখে বাসায় ফেরেন। এসময় সুপার ভাইজার ও নতুন হেলপার গাড়িতে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৪ টার দিকে চালক এসে গাড়ির ভেতরে সুপার ভাইজার লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দিলে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেননি কেউ।
এ ঘটনায় পুলিশ গাড়ির চালক নাহিদকে আটক করেছে। চালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইকোনো গাড়ির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকান্ড। আমরা গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।