সারা বাংলা

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বর্নি বাঁওড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার বিকালে (১৪ অক্টোবর) বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দারের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খুলনা, নড়াইল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ২০টি সরেঙ্গা, ছিপ, কোষা, বাচারী নৌকা অংশ নেয়। বিকাল থেকে শুরু হয়ে তিন রাউন্ডে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিতা। এ সময় ঠিকারী, কাঁসির বাদ্যে ও তালে জারি সারি গান গেয়ে নেচে এবং বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। 

নৌকা বাইচ দেখতে বিকাল থেকেই পায়ে হেঁটে এবং নৌকা ও লঞ্চে করে বাঁওড়ের দু’পাড়ে জড়ো হতে থাকে হাজার হাজার দর্শনার্থী। গোপালগঞ্জ জেলা ছাড়াও আশপাশের জেলা মাদারীপুর, বাগেরহাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, নড়াইল থেকে অসংখ্য দর্শক নৌকা বাইচ উপভোগ করেন।  এবারের প্রতিযোগিতায় বাড়তি আকর্ষণ ছিল নৌকায় নৌকায় মেলা।

প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ও খালিদ হোসেন জমাদ্দার।

বর্নি গ্রামের সামিউল শেখ বলেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্যের অংশ। প্রতিযোগিতা দেখতে খুব ভালো লাগছে। গ্রামের মানুষ এমন দিনের অপেক্ষায় থাকে। পরিণত হয় এক মিলন মেলা। 

একই গ্রামে মাসুমা খাতুন বলেন, বাঁওড়ে নৌকা বাইচ হবে শুনে পরিবারের সাথে নৌকায় করে বাইচ দেখতে এসেছি। দেখ খুব আনন্দ হয়েছে। এমন বাইচ এবারই প্রথম দেখলাম।

খালিদ হোসেন জমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করেছি। নৌকা বাইচ আমাদের সংস্কৃতি। এ সংস্কৃতি ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করা হবে।