সারা বাংলা

খাস জমিতে যুবদল নেতা ও স্ত্রীর ভবন নির্মাণ, উচ্ছেদের নোটিশ

মাদারীপুরের কালকিনিতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কালকিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল আকন ও তার স্ত্রী পুলিশের এএসআই মোসাম্মাৎ সাজেদা নাসরিন নিজেদের নামে খাস জমি বরাদ্দ নিয়ে বহুতল ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বহুতল ভবন উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন জেলা প্রশাসন। 

বাবুল আকন কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কালাইরচর গ্রামের রশিদ আকনের ছেলে এবং পুলিশের এএসআই সাজেদা নাসরিন বাবুল আকনের স্ত্রী।

জেলা ও উপজেলা প্রশাসন ও নোটিশ সূত্রে জানা গেছে, বাবুল আকন ও তার স্ত্রী সাজেদা নাসরিন নিজ নামে কয়েক বছর আগে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট বন্দরের বাজারে সরকারি (খাস) জমির দুটি চান্দিনা ভিটি বরাদ্দ নেয়। পরে তাদের নামে বরাদ্দকৃত জমির উপরে বহুতল বভন নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের লিখিতভাবে কয়েকদফা ভবনের কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে ভবন নির্মাণ করেন। তবে ওই সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল ভবন উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এই বিষয়ে বাবুল আকন বলেন, ‘সরকারের প্রয়োজন হলে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারে। আমি নয়, বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছেন। আমার একার ভবন নয়, সবার ভবনই ভাঙা উচিত।’ 

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, খাসেরহাট বাজারে বাবুল আকন ও তার স্ত্রীর অবৈধভাবে নির্মাণ করা বহুতল ভবন ভাঙার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘সরকারি জায়গায় অবৈধ দখলদারদের নামের তালিকা করা হচ্ছে। শিগগিরই পুরো জেলায় সরকারি সব সম্পত্তি উদ্ধার করা হবে। কাউকে অন্যায়ভাবে সরকারি সম্পত্তি ভোগ করতে দেওয়া হবে না।’