যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শালকোনা সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। পলাতক ব্যক্তি হলেন- শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শালকোনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তিনি তার হাতে থাকা ব্যাগটি সরিষা ক্ষেতে ফেলে ভারতীয় সীমান্তে দৌঁড়ে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। ওই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় জমা দেওয়া হবে এবং পলাতক ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শাহেদ মিনহাজ সিদ্দিকী।