বগুড়ার শিবগঞ্জে দাফনের ৩৯ দিন পর কবর থেকে মাহাবুর হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের উপস্থিতিতে লাশ তুলে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এর আগে, গত ১৭ জুলাই প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মাহাবুর। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৭ নভেম্বর দুপুরে তিনি মারা যান।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীপুর নামাপাড়া পুরাতন মসজিদের নামে স্থানীয় দানশীল ব্যক্তিরা ৫৬ শতক জমি দান করেন। পরে একই গ্রামের কিছু লোক নতুন মসজিদ তৈরি করে ওই ৫৬ শতক জমি নতুন মসজিদের বলে দাবি করেন।
এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে গত ১৭ জুলাই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুরাতন মসজিদের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, মুসল্লি মাহবুরসহ ৫ জন আহত হন। তাৎক্ষনিক তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে, মাহবুর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। কিছুদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছিল। গত ১৭ নভেম্বর দুপুরে তিনি মারা গেলে সন্ধ্যায় দাফন সম্পন্ন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন মিঞা বলেন, ‘সংঘর্ষের ঘটনার পরদিন ১৮ জুলাই পুরাতন মসজিদের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন থানায় মামলা করেন। পরে আহতাবস্থায় মাহাবুর মৃত্যুবরণ করলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ২৮ নভেম্বর ওই মামলায় ৩০২ ধারা সংযুক্ত করে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।’